...|...|...

সারাদেশ

এমপি নুসরাতের বাড়িতে আগুন, বিদ্যুৎ কর্মকর্তার বক্তব্যে নতুন মোড়

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২২
Shares
এমপি নুসরাতের বাড়িতে আগুন, বিদ্যুৎ কর্মকর্তার বক্তব্যে নতুন মোড়

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা তোজাম্মেল হক। ছবি: টাইমস টুডে

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা। তার দাবি, বাড়িটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই।

প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক শুক্রবার (১৩ নভেম্বর) পোড়া বাড়িটি পরিদর্শন করেন। এর আগে আগুন লাগার পর স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বাড়িটির বিদ্যুৎ মিটার খুলে নিয়ে যান। ওই কাজের দায়িত্বেও ছিলেন তিনি।

তোজাম্মেল হক জানান, ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের মিটার, সংযোগের তার এবং মিটারের সাথে যুক্ত মেইন সুইচ পরীক্ষা করা হয়েছে। পরিদর্শনে কাটআউট অক্ষত পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজ কিংবা মিটারের মেইন সুইচও কাটেনি। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে তার দাবি, শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই।

তবে সংসদে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি বলেন, ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি। তবে তদন্তে নাশকতার প্রমাণ মিললে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়ি পরিদর্শন করে। এ সময় কমিটির সদস্যরা বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাতের বাবা আবদুল হালিমের সাথে কথা বলেন। ঘটনার সময়কার বিভিন্ন বিষয়েও তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।

অন্যদিকে তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান থাকবেন।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে।