বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে প্রয়োজনীয় অর্থের হিসাবে বড় ধরনের অসংগতি ধরা পড়েছে। এ কারণে নতুন করে আর্থিক হিসাব তৈরি করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সংশোধিত হিসাব পাওয়ার পর অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে পুনরায় চিঠি পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে প্রাথমিকভাবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে বলে হিসাব দিয়েছিল মাউশি। ওই হিসাবের ভিত্তিতে অর্থ বিভাগে চিঠিও পাঠানো হয়। তবে পরবর্তী সময়ে হিসাবটি যাচাই করতে গিয়ে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। প্রকৃতপক্ষে নতুন পে-স্কেল কার্যকর করতে আরও বেশি অর্থের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি অর্থ বিভাগ চিঠি দিয়ে হিসাবের ভুলের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) মাউশিকে চিঠি পাঠিয়ে দ্রুত সঠিক হিসাব তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়।
মাউশির সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংশোধিত হিসাব তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই নতুন হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হতে পারে।
সংশোধিত হিসাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে অর্থ বিভাগে পুনরায় বরাদ্দের প্রস্তাব পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। তবে নতুন হিসাবে আগের চেয়ে ঠিক কত টাকা বেশি প্রয়োজন হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা কার্যকর করতে পৃথক সরকারি আদেশ বা প্রজ্ঞাপন জারি করতে হবে। এ প্রয়োজনীয়তার বিষয়টি ইতোমধ্যে অর্থ বিভাগকে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।


