বিনোদন দুনিয়ার পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে শাহরুখ খানের প্রভাব দীর্ঘদিনের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্সের আকাশচুম্বী সাফল্যের পর একে একে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও নিজেদের রাজত্ব বিস্তার করেছে নাইট রাইডার্স গ্রুপ। এবার সেই তালিকায় যুক্ত হলো আমেরিকার মেজর লিগ ক্রিকেট (এমএলসি)।
যুক্তরাষ্ট্রের এই লিগে কিং খানের দলের নাম ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’। আর এই ফ্র্যাঞ্চাইজির জন্যই এবার লস অ্যাঞ্জেলসে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন বলিউড বাদশা, যা বৈশ্বিক ক্রিকেট ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে নির্মিত এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’। এটি মূলত লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে।
বুধবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় ভক্তদের এই অবিস্মরণীয় সুখবরটি দিয়েছেন শাহরুখ খান নিজে। বিষয়টিকে নিজের আরেকটি স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ভিডিও বার্তায় শাহরুখ খান বলেন, "এর শুরুটা হয়েছিল স্রেফ একটা স্বপ্নের মতো করে, যা আজ বাস্তবে রূপ নিলো। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত জানাই। কেবল ক্রীড়াঙ্গন হিসেবেই নয়, এই মাঠটিকে আমরা বিনোদন এবং সপরিবারে সময় কাটানোর একটি চমৎকার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি।"
জানা গেছে, নবনির্মিত এই স্টেডিয়ামটির সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবে শাহরুখ খানের মালিকানাধীন প্রতিষ্ঠান। তবে স্টেডিয়ামের জমি ও মূল অবকাঠামোর মালিকানায় রয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন (ফেয়ারপ্লেক্স)। তাদের সাথেই দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে নাইট রাইডার্স গ্রুপ।
উল্লেখ্য, এই গ্রুপে শাহরুখের ব্যবসায়িক অংশীদার হিসেবে রয়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও খ্যাতনামা শিল্পপতি জয় মেহতা।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় বাজারে নিজেদের উপস্থিতি ও বিনিয়োগ বাড়িয়ে চলেছে নাইট রাইডার্স গ্রুপ। আমেরিকায় এই স্টেডিয়াম চালুর মধ্য দিয়ে বৈশ্বিক ক্রিকেট মানচিত্রে নিজেদের দাপুটে অস্তিত্বের জানান দিলো তারা। ক্রিকেটের এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তারকাখচিত এই বহুল প্রতীক্ষিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

