পাকিস্তান ক্রিকেটে বিতর্কের যেন শেষ নেই। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টের আগে এবার নতুন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচের আগে দলের ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের মোবাইল ফোন পিসিবির হেফাজতেই রাখা হবে। তবে ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ কিংবা কোন কোন ক্রিকেটারের ফোন নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে পিসিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে ড্রেসিংরুম ও প্লেয়ার্স এরিয়ায় মোবাইল ফোন বা যোগাযোগ যন্ত্র ব্যবহার এমনিতেই নিষিদ্ধ। তবে কোনো ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এভাবে আগাম ক্রিকেটারদের মোবাইল ফোন পুরোপুরি কেড়ে নেওয়াকে বেশ অস্বাভাবিক ও নজিরবিহীন বলছেন বিশ্লেষকেরা।
এর আগে এজবাস্টন টেস্টকে সামনে রেখে পাকিস্তান দলের প্রধান কোচ ও একাধিক সিনিয়র ক্রিকেটারকে ছাঁটাই করেছিল পিসিবি।


