...|...|...

বিশ্ব

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৬
Shares
এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ছবি: সংগৃহীত

এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘কানি’। এটি শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে গতিপথ পরিবর্তন হলে ওডিশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাত দিয়ে বলা হয়েছে, রবিবার (২৯ নভেম্বর) দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে সোমবার (৩০ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। মালদ্বীপের দেওয়া এই নামটি উপকূলীয় অঞ্চলে জন্মানো একধরনের গাছের নাম থেকে নেওয়া হয়েছে। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে।

এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে। ওডিশার রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যটিতে ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষতি হয়েছে। এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন ১৫৬ জন। মারা গেছে ৫৫ লাখ ৬৩ হাজার পশুপাখি এবং ধ্বংস হয়েছে ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ওডিশায় ৮৮০টি আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি বিশেষ সতর্কীকরণ অ্যাপ ও আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে নিহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ৪ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ রুপি করা হয়েছে।

এর আগে তিতলি, ফণী, বুলবুল, আম্পান, ইয়াস ও দানার পাশাপাশি চলতি বছরের অর্ণব, মুরাসু ও আকভান ঘূর্ণিঝড়ের কারণে ভারতের উপকূলীয় অঞ্চল ও কৃষিতে ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা ১০ দিন বন্ধ থাকার পর তামিলনাড়ুর তুতিকোরিনে দুই শতাধিক যান্ত্রিক মাছ ধরার নৌকা আবারও সমুদ্রে ফিরেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে শুধু নভেম্বরেই ১৭ দিন সমুদ্রে যেতে পারেননি স্থানীয় জেলেরা। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে অতিরিক্ত ৫ হাজার রুপি সহায়তা চেয়েছেন তারা।