...|...|...

বিশ্ব

এবার তুরস্ক-চীন-পাকিস্তানের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০০
Shares
এবার তুরস্ক-চীন-পাকিস্তানের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান

এনএস রাজা সুব্রামানি। ছবি: সংগৃহীত

চীন ও পাকিস্তানের বাড়তে থাকা মহাকাশ সক্ষমতা এবং তাতে তুরস্কের সম্ভাব্য সহযোগিতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এনএস রাজা সুব্রামানি। তার মতে, কৌশলগত সুবিধা ধরে রাখতে ভারতকে দ্রুত নিজস্ব মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা বাড়াতে হবে।

এনডিটিভির বরাতে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘যুদ্ধের ভবিষ্যৎ এবং বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

জেনারেল সুব্রামানি বলেন, ‘বেইজিংয়ের সহায়তায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। একই সাথে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো নিজস্ব সক্ষমতা বাড়ানোর কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে। সুপারকোও নিজেদের সক্ষমতা উন্নয়নে কাজ করছে। তুরস্কের কাছ থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধরে নেওয়া যুক্তিসঙ্গত। পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ভারতের নিরাপত্তা মূল্যায়নে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে অপারেশন সিঁদুরের সময় এবং এরপর থেকে ঘনিষ্ঠতা বেড়েছে এই তিন দেশের।’

ভারতের সিডিএসের মতে, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান বা আইএসআর ব্যবস্থার পাশাপাশি অবস্থান নির্ণয়, নেভিগেশন ও সময় নির্ধারণ প্রযুক্তিতে পাকিস্তানের প্রবেশাধিকার তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান এবং অবস্থান নির্ণয়, নেভিগেশন ও সময় নির্ধারণব্যবস্থায় প্রবেশাধিকার পেতে পারে পাকিস্তান। এতে দেশটির সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।’

আইএসআর, অবস্থান নির্ণয়, নেভিগেশন ও সময় নির্ধারণের মতো ক্ষেত্রে চীনের হাতে থাকা সক্ষমতা পাকিস্তানও কাজে লাগাতে পারে বলে তিনি সতর্ক করেন। তার ভাষ্য, ভারতের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

এই প্রেক্ষাপটে ভারতের নিজস্ব নজরদারি ও মহাকাশভিত্তিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

৫২ সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা

উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের স্পেস বেসড সার্ভেইল্যান্স বা এসবিএস কর্মসূচির তৃতীয় পর্যায়ের গুরুত্ব তুলে ধরেন জেনারেল সুব্রামানি।

এই কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৫২টি নির্দিষ্ট সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ভারতের।

২০২৪ সালের অক্টোবরে মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির অনুমোদন পাওয়া প্রকল্পটি প্রতিরক্ষা মহাকাশ সংস্থা এবং সমন্বিত প্রতিরক্ষা সদর দপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে।

২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এই প্রকল্পে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করবে। বাকি ৩১টি স্যাটেলাইট তৈরির দায়িত্ব দেওয়া হবে বেসরকারি খাতকে।

জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট প্রকল্পে ভারতের বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের বাড়তে থাকা অংশগ্রহণও এই উদ্যোগে প্রতিফলিত হচ্ছে।

চীনের মহাকাশ সক্ষমতা নিয়েও সতর্কতা

জেনারেল সুব্রামানি চীনের দ্রুত বিস্তৃত মহাকাশ সক্ষমতা নিয়েও সতর্ক করেন।

তিনি বলেন, ‘স্যাটেলাইটে বিঘ্ন ঘটানো বা সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করেছে বেইজিং। চীনের কাছে উপগ্রহবিধ্বংসী ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধের এমন সরঞ্জাম রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়, যেগুলো স্যাটেলাইট যোগাযোগ ও নেভিগেশন নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে পারে।’

এ পরিস্থিতিতে আধুনিক যুদ্ধের পরিবর্তিত ধরন মোকাবিলায় মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

তার মতে, স্থল, সমুদ্র ও আকাশে সামরিক শ্রেষ্ঠত্বের মতোই মহাকাশেও প্রভাব ও সক্ষমতা প্রতিষ্ঠা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।