দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। রবিবার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
শেহতাজের দেওয়া তথ্য অনুযায়ী, প্রীতম ও তার প্রায় এক দশকের সম্পর্কের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। একসময় গোপন থাকা তাদের প্রেমের সম্পর্ক বিয়ের পরও বিনোদন অঙ্গনের আলোচিত জুটিগুলোর একটি ছিল।

২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় শেহতাজের সাথে তার পরিচয় হয়। সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেন তারা।
শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগান ঘেরা মনোরম পরিবেশে তাদের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আগের রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদ অনুষ্ঠান। বিয়ের আগে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে না আনায় তাদের বিয়ের খবরও ছিল অনেকটা আকস্মিক।
তবে দীর্ঘদিনের সেই সম্পর্ক এবার বিচ্ছেদের দিকে যাচ্ছে। রবিবার রাত ১০টা ৪২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শেহতাজ লিখেছেন, ‘প্রীতম ও আমি একসাথে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
এ সিদ্ধান্তের মাধ্যমে প্রীতম ও শেহতাজের দীর্ঘদিনের সম্পর্কের দাম্পত্য অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

