...|...|...

রাজনীতি

এবার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে রাজপথ দখলের হুঁশিয়ারি এনসিপির

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ৭:০৪
Shares
এবার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে রাজপথ দখলের হুঁশিয়ারি এনসিপির

কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভার কর্মসূচি পালন করবে দলটি। একইসাথে আওয়ামী লীগকে রাজপথে কোনো সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এর আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা যাতে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার জন্য বাংলাদেশের সব জনতাকে সাথে নিয়ে রাজপথ দখলে রাখতে সক্রিয় থাকবেন এনসিপির প্রতিটি নেতাকর্মী।

তিনি জানান, আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে। দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবে এনসিপি।

আখতার হোসেন বলেন, দেশের চলমান সহিংস পরিস্থিতির প্রতিবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় থাকবে এনসিপি। এর আগে ঘোষিত দলের পাঁচ দফা দাবিও এসব কর্মসূচিতে তুলে ধরা হবে। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কর্মসূচি এবং সাম্প্রতিক সহিংস পরিস্থিতির মধ্যে এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাজ্য সফরে থাকা দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ভার্চ্যুয়ালি অংশ নেন।

সংবাদ সম্মেলনে ভারতের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন আখতার হোসেন। তার অভিযোগ, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানকার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরকার এসব কর্মকাণ্ডে সুযোগ করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ সময় শুধু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার পরিবর্তে আওয়ামী লীগকে দল হিসেবে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান এনসিপির সদস্যসচিব।

এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য গড়তে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। তবে সেই ঐক্যের ভিত্তি কী হবে, তা সরকারের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে দলটি।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো ঐক্যে এনসিপি অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটাকে আমরা এক ইতিবাচক জায়গা থেকে দেখি। কিন্তু সেই ঐক্যের ভিত্তিটা কী হবে?

তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার কত দূর এগোবে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের বিষয়ে সরকারের অবস্থান কী এবং গণভোটে জনগণের দেওয়া সংস্কারের দাবিগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, সেসব প্রশ্নের পরিষ্কার জবাব প্রয়োজন।

আখতার হোসেনের মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যকে আরও কার্যকর করতে হলে এসব বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাতসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।