ফুটবল মাঠের বাইরে এবার অভিনয়ের জগতে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে এ খবর জানান ৪১ বছর বয়সী এই ফুটবলার।
বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করছেন রোনালদো। ২০২৫ সালে দুজন মিলে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামে প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’ সিনেমার পরিচালক হিসেবে পরিচিত ভন।
ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে।’
নাট্যধর্মী সিরিজটির গল্প আবর্তিত হবে ব্রিটিশ ফুটবলের ব্যবসায়িক জগৎ ঘিরে। এতে স্ট্যানলি ডালটন নামের এক কাল্পনিক প্রভাবশালী ফুটবল এজেন্টের জীবন তুলে ধরা হবে। খেলোয়াড়দের দলবদল, চুক্তি নিয়ে দর-কষাকষি ও বাণিজ্যিক লেনদেনের নানা দিক উঠে আসবে গল্পে।
স্ট্যানলি ডালটন চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত তিনি। এ ছাড়া সাবেক আর্সেনাল ও ফ্রান্সের ফুটবলার থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভেরও এ প্রকল্পে যুক্ত থাকার কথা রয়েছে।
ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের তৈরি একটি মৌলিক ধারণার ওপর ভিত্তি করে সিরিজটি নির্মিত হচ্ছে। ড্যারেন ডেইন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার অঁরির এজেন্ট।
সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের চরিত্রেই সীমিত উপস্থিতি থাকবে তার বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান সৃজনশীল কর্মকর্তা কার্লোস পেরেস।
তবে সিরিজটির মুক্তির তারিখ, সম্প্রচারমাধ্যম কিংবা মোট পর্বসংখ্যা এখনো ঘোষণা করা হয়নি।


