প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে সোমবার (২৩ নভেম্বর) থেকে। প্রথম দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সোমবার দুপুরে অনুষ্ঠেয় এ সংলাপে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
এর আগে বিভিন্ন ঘটনায় নাশকতার প্রসঙ্গ তুলে জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১ দলও নিজেদের মধ্যে বৈঠক করে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক সংলাপে বসতে যাচ্ছেন সরকারপ্রধান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংকটের সময়ে সরকারপ্রধান আহ্বান জানানোয় তার দল তাতে সাড়া দিয়েছে। জানা গেছে, এনসিপির পর অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।
এদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াতের সাথে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে।


