এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে জেনসেন হুয়াংয়ের সরে দাঁড়ানো শুধু একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব পরিবর্তনের ঘটনা নয়; এটি বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বাজারের জন্যও বড় ধাক্কা হয়ে উঠতে পারে। কারণ এনভিডিয়া এখন বিশ্বের এআই অবকাঠামোর কেন্দ্রীয় কোম্পানিগুলোর একটি, আর হুয়াং ছিলেন সেই প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ।
ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসারপর বৃহস্পতিবার পদত্যাগ করেন ৬৩ বছর বয়সী হুয়াং। তার জায়গায় অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিচ্ছেন এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি খুঁজতে প্রতিষ্ঠানটি ভেতর ও বাইরে উভয় জায়গায় প্রার্থী বিবেচনা করবে।
হুয়াংয়ের বিদায়ের ঘোষণার পর প্রাক্বাজার লেনদেনে এনভিডিয়ার শেয়ার প্রায় ১২ শতাংশ কমে যায়। এর আগেও অভিযোগ সামনে আসার পর কোম্পানিটির বাজারমূল্য বড় ধরনের ধাক্কা খেয়েছিল। এক পর্যায়ে মাত্র একদিনেই প্রায় ১৯২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারায় প্রতিষ্ঠানটি।
এআই বাজারে আস্থার সংকট
এনভিডিয়া এখন শুধু একটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান নয়। ওপেনএআই, অ্যানথ্রোপিকসহ বিশ্বের শীর্ষ এআই কোম্পানি এবং বড় ডেটা সেন্টারগুলোর বড় অংশই এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর ওপর নির্ভরশীল।
ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া এতটাই কেন্দ্রীভূত হয়ে উঠেছিল যে তার সরাসরি অধীনে প্রায় ৬০ জন শীর্ষ কর্মকর্তা কাজ করতেন। প্রতিষ্ঠানে তার স্পষ্ট কোনো উত্তরসূরিও ছিল না। ফলে হঠাৎ নেতৃত্ব পরিবর্তনে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়াটা স্বাভাবিক।
এনভিডিয়ার বাজারমূল্য এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচকে এর বড় ওজনের কারণে কোম্পানিটির শেয়ারে বড় ধরনের পতন পুরো প্রযুক্তি খাত ও মার্কিন শেয়ারবাজারেও চাপ তৈরি করতে পারে। এ কারণেই হুয়াংয়ের বিদায়কে শুধু করপোরেট সংকট নয়, বৃহত্তর এআই বাণিজ্যের ঝুঁকি হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা।
সুযোগ পেতে পারে প্রতিদ্বন্দ্বীরা
এনভিডিয়ার নেতৃত্বে অনিশ্চয়তা দীর্ঘ হলে এএমডি, ইন্টেল এবং নিজস্ব এআই চিপ তৈরি করা বড় প্রযুক্তি কোম্পানিগুলো কিছুটা সুবিধা পেতে পারে। ইতোমধ্যে বিনিয়োগকারীরা বিকল্প চিপ সরবরাহকারী ও এআই অবকাঠামো কোম্পানির দিকে নতুন করে নজর দিচ্ছেন বলে ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
একই সাথে এনভিডিয়ার বড় গ্রাহকেরাও একক সরবরাহকারীর ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর চেষ্টা করতে পারে। কারণ একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব সংকট যদি পুরো এআই সরবরাহব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে, তাহলে সেটি দীর্ঘমেয়াদে ‘সিঙ্গেল পয়েন্ট অব ফেইলিউর’ হিসেবে দেখা হবে।
চীন-যুক্তরাষ্ট্র প্রযুক্তিযুদ্ধে নতুন চাপ
হুয়াংকে ঘিরে বিতর্কের আরেকটি বড় দিক হলো চীন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যে নারীর সাথে তার সম্পর্ক ছিল বলে দাবি করছেন, তাকে চীনা গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত বলে সন্দেহ করছেন। এই অভিযোগের প্রেক্ষাপটে ওয়াশিংটনে এনভিডিয়ার চিপ রফতানি ও চীন নীতিও নতুন করে নজরদারির মুখে পড়েছে।
চীন ইতোমধ্যে সতর্ক করেছে, এ ঘটনাকে অজুহাত করে যুক্তরাষ্ট্র যেন নতুন প্রযুক্তি নিষেধাজ্ঞা আরোপ না করে। অর্থাৎ হুয়াংয়ের ব্যক্তিগত বিতর্ক ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি সম্পর্ক এবং চীনে এনভিডিয়ার ব্যবসাকেও প্রভাবিত করতে পারে।
মাস্কের আগ্রহে নতুন জল্পনা
এই পরিস্থিতিতে ইলন মাস্কের একটি মন্তব্যও আলোচনায় এসেছে। এক ব্যবহারকারী হুয়াংকে নিয়োগ দেওয়ার অনুরোধ করলে মাস্ক সম্মতিসূচক জবাব দিয়ে বলেন, তাকে কাজ দেওয়াটা ‘সম্মানের’ হবে।
মাস্ক ও হুয়াংয়ের সম্পর্কও নতুন নয়। ২০১৬ সালে ওপেনএআইয়ের জন্য এনভিডিয়ার প্রথম ডিজিএক্স-১ এআই সুপারকম্পিউটার কিনেছিলেন মাস্ক, যা নিজ হাতে তাঁর কাছে পৌঁছে দিয়েছিলেন হুয়াং।
তবে হুয়াং সত্যিই মাস্কের কোনো প্রতিষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই।
সব মিলিয়ে, জেনসেন হুয়াংয়ের বিদায়ে এনভিডিয়ার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা, স্পষ্ট উত্তরসূরি তৈরি করা এবং চিপ সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত না ঘটানো। কারণ এনভিডিয়ার নেতৃত্ব সংকট দীর্ঘ হলে তার প্রভাব শুধু একটি কোম্পানির শেয়ারে সীমাবদ্ধ থাকবে না; পুরো বৈশ্বিক এআই বাজারেই তার ঢেউ লাগতে পারে।


