আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে আরও ১০ হাজার ৭৮৩ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, শনিবার (২১ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৭১৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ২ হাজার ৭৯৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ২৬৮ জনকে আটক করা হয়।
এদিকে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী।
এ ছাড়া প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ১০ হাজার ৮১৪ জনকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি হিসেবে ভ্রমণসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সৌদি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার সময় আরও ২৮ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অবৈধভাবে কাজে নিয়োগের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। পাশাপাশি দোষী ব্যক্তির পরিচয় প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ।
এ ধরনের আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে এক সপ্তাহে ফেরত পাঠানো ১১ হাজার ৯১৫ জন এবং নতুন করে আটক ১০ হাজার ৭৮৩ জন পৃথক হিসাব। অর্থাৎ ফেরত পাঠানো সবাই ওই সপ্তাহের অভিযানে আটক হয়েছেন, এমন নয়।


