রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলা আরও তীব্র হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলায় অন্তত নয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিত করার ঘটনা অন্যতম সর্বোচ্চ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের নিঝিন শহরে একটি প্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবারের এই হামলার পর শনিবার উদ্ধার অভিযান শেষ হয়।
এদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জাপোরিঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও এক গাড়িচালক নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ-নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতালের প্রধান চিকিৎসকসহ আরও দুজন আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে ইউক্রেন মোট কতটি ড্রোন নিক্ষেপ করেছে কিংবা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানী ও এর আশপাশের অঞ্চল লক্ষ্য করে কয়েক শ ড্রোন পাঠিয়েছে ইউক্রেন। এর অধিকাংশই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রাশিয়ার রোস্তভ ও সামারা অঞ্চলেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, এসব হামলায় তেল শোধনাগার ও তেল পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এ ছাড়া রাশিয়ার সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে একটি প্রতিষ্ঠানের কর্মীবাহী বাসে ড্রোন হামলায় নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।
অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার নিক্ষেপ করা ১৬২টি ড্রোনের মধ্যে ১৪১টি ধ্বংস অথবা নিষ্ক্রিয় করা হয়েছে। রাজধানী কিয়েভের কাছের বিলা সেরকভা শহরে রুশ হামলায় আরও তিনজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও গ্যারেজ।
তবে উভয় পক্ষের হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


