বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এক মাসের মধ্যে তিনবার তার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর পরিকল্পনার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভের একটি সংক্ষিপ্ত পোস্ট ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
১৫ নভেম্বর দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অমিতাভ লেখেন, ‘বেঁচে গেলাম’। তবে কী কারণে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ফলে পোস্টটির সাথে সাম্প্রতিক হুমকির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অমিতাভের বাড়ির বাইরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঞ্জাবের জলন্ধরের বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং তারন তারানের দীপক সিং ওরফে ডিপকে।
তদন্তকারীদের দাবি, গ্রেফতার ব্যক্তিরা অপরাধী চক্রের সাথে যুক্ত এবং দুটি পৃথক হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। এর একটি ছিল দিল্লির এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে চাঁদাবাজির উদ্দেশ্যে গুলি চালানো। অন্য পরিকল্পনাটি ছিল মুম্বাইয়ে অমিতাভের বাসভবনের বাইরে হামলা চালানো।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভের নামে প্রচারিত একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা হয়ে থাকতে পারে। তবে ওই বক্তব্যের সত্যতা এবং হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। অভিনেতা এমন বক্তব্য দেওয়ার অভিযোগ আগেই অস্বীকার করেছেন বলে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে বিকাশকে গ্রেফতার করা হয়। পরে মুম্বাই থেকে দীপককে আটক করা হয়। তাদের সাথে আরও কারা জড়িত এবং হামলার নির্দেশ কোথা থেকে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে গত ২৩ অক্টোবর প্রথমবার অমিতাভের বাড়িতে হামলার হুমকি দেওয়া হয়। মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ের কার্যালয়ে পাঠানো একটি ই-মেইলে অভিনেতার বাসভবনসহ কয়েকটি স্থানে বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছিল।
এরপর ৬ নভেম্বর দ্বিতীয় হুমকিতে অমিতাভের বাড়ি ‘জলসা’, বোম্বে হাইকোর্ট, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং মহালক্ষ্মী রেসকোর্সের নাম উল্লেখ করা হয়। হুমকির পর সংশ্লিষ্ট স্থানগুলোতে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তবে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
সর্বশেষ ১২ নভেম্বর আরও একটি ই-মেইলে অমিতাভের বাড়ি, মুম্বাই বিমানবন্দর, মেয়রের কার্যালয় এবং একটি ব্যাংকসহ একাধিক স্থানে হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আবারও সতর্ক অবস্থানে যায় পুলিশ। তল্লাশিতেও ক্ষতিকর কোনো বস্তু শনাক্ত হয়নি।
একের পর এক হুমকির ঘটনায় অমিতাভের বাসভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভক্তদের সঙ্গে দেখা করার সময়ও তাকে বিশেষ সুরক্ষাব্যবস্থার আড়ালে থাকতে দেখা গেছে।
তবে এখন পর্যন্ত হুমকির ই-মেইলগুলোর সাথে গ্রেফতার দুই সন্দেহভাজনের সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিত করা হয়নি। পৃথকভাবে এসব ঘটনার তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


