এক বোনের জন্মের স্মৃতি থেকে ৩০ গ্রামের মানুষের চিকিৎসার ভরসা হয়ে ওঠা সাদিও মানের জীবনের গল্পটা শুধু ফুটবলের নয়, মানবিকতারও। নিজের শৈশবের অভাব, গ্রামে চিকিৎসাসেবার সংকট এবং পরিবারের অভিজ্ঞতা তাকে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে সেনেগালের এই তারকা ফুটবলার।
সেনেগালের দক্ষিণাঞ্চলের বাম্বালি গ্রামে জন্ম ও বেড়ে ওঠা মানের। গ্রামটিতে একসময় হাসপাতাল ছিল না। সম্প্রতি সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সৌদি আরবের রিয়াদে অবস্থান করায় সেনেগালের নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের দলে জায়গা হয়নি তার। সেনেগালীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিবারের এই বিশেষ মুহূর্তকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তকে কোচ ও কোচিং স্টাফও ইতিবাচকভাবে নিয়েছেন।
মানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। তার এক বোনের জন্ম হয়েছিল বাড়িতে। কারণ, তাদের গ্রামে তখন হাসপাতাল কিংবা পর্যাপ্ত চিকিৎসাসেবা ছিল না। প্রসবকালীন জটিলতায় মা ও নবজাতকের জীবন কতটা ঝুঁকিতে পড়তে পারে, তা কাছ থেকে দেখেছেন তিনি। ২০২০ সালে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মানে বলেছিলেন, গ্রামের মানুষের দুর্ভোগ তাকে ব্যথিত করত। তাই নিজ গ্রামে হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তিনি।
ফুটবল মাঠে মানে পরিচিত বিশ্বসেরা ফরোয়ার্ডদের একজন হিসেবে। লিভারপুলের হয়ে ছয় মৌসুমে ২৬৯ ম্যাচ খেলে করেছেন ১২০ গোল। ২০১৯ সালে দলটির চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। একই বছর ব্যালন ডি’অর পুরস্কারের দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। তার গতি, পরিশ্রম, আক্রমণাত্মক মানসিকতা ও গোল করার দক্ষতা তাকে বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি এনে দেয়।
তবে গ্রামের মানুষের জন্য তার অবদান ফুটবল সাফল্যের বাইরেও বিস্তৃত। ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে বাম্বালির বাসিন্দাদের জন্য ৩০০টি লিভারপুলের জার্সি পাঠিয়েছিলেন তিনি। গ্রামের মানুষ যেন প্রিয় দলের খেলা একসাথে উপভোগ করতে পারেন, সেই ব্যবস্থা করেছিলেন। সেবার ফাইনালে লিভারপুল রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেলেও পরের বছর দলটির শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন গ্রামের মানুষ।
নিজের শৈশবও ছিল সংগ্রামের। সাত বছর বয়সে বাবাকে হারান মানে। ছোটবেলায় কৃষিকাজ করেছেন, খালি পায়ে ফুটবল খেলেছেন। দারিদ্র্য ও ক্ষুধার অভিজ্ঞতা তার জীবনের অংশ। ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে মাত্র ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তী সময়ে সাফল্য অর্জন করলেও নিজের শেকড়ের কথা ভুলে যাননি।
২০১৯ সালে গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে আড়াই লাখ পাউন্ড দান করেন মানে। শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ এবং মেধাবীদের ৪০০ ডলার করে পুরস্কার দেওয়ার ব্যবস্থাও করেন। এরপর গ্রামের মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। এ প্রকল্প বাস্তবায়নে সেনেগালের তৎকালীন প্রেসিডেন্ট ম্যাকি সালের কাছেও সরকারি সহযোগিতা চেয়েছিলেন তিনি।
২০২১ সালের জুনে হাসপাতালটির উদ্বোধন হয়। মাতৃসেবাসহ বিভিন্ন চিকিৎসাসেবা চালু হওয়া হাসপাতালটি এখন বাম্বালির পাশাপাশি আশপাশের ৩০টিরও বেশি গ্রামের মানুষকে সেবা দিচ্ছে। যে গ্রামে একসময় সন্তান জন্ম দিতে গিয়ে পরিবারগুলোকে নানা সংকটে পড়তে হতো, সেখানে এখন চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে মানের উদ্যোগে।
গ্রামের মাঠে স্থানীয়দের সাথে ফুটবল খেলতেও দেখা গেছে তাকে। এমন আয়োজনে তার সাথে ছিলেন সেনেগালের সাবেক তারকা এল হাজি দিউফ ও পাপিস সিসে। এসব আয়োজনের উদ্দেশ্য ছিল গ্রামের মানুষের সাথে সময় কাটানো, তাদের আনন্দের অংশ হওয়া। তার এই কর্মকাণ্ডে ফুটবল তারকা পরিচয়ের পাশাপাশি মানুষের কাছের একজন হিসেবেও জায়গা তৈরি হয়েছে।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন মানে। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখ থেকে ক্লাবটিতে যোগ দেন তিনি। গত মৌসুমে সৌদি প্রো লিগের শিরোপা জয়ে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের সাথে আক্রমণভাগে খেলেছেন এই সেনেগালিজ তারকা। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জয়ের পর সতীর্থরা রোনালদোকে সাথে নিয়ে তাকে অভিনন্দন জানান। এ বছর আফ্রিকার বর্ষসেরা ফুটবলার পুরস্কারের চূড়ান্ত পাঁচজনের তালিকাতেও জায়গা পেয়েছেন তিনি।
৩৩ বছর বয়সী মানের সাথে আল নাসরের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। সৌদি সংবাদমাধ্যমের খবর, ক্লাবটি তার চুক্তি নবায়নে আগ্রহী নয়। তবে তার এজেন্ট জানিয়েছেন, জানুয়ারিতে ক্লাব ছাড়ার কোনো পরিকল্পনা নেই মানের। আগামী মৌসুমে তাকে কোন দলের জার্সিতে দেখা যাবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
জাতীয় দলের হয়ে নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচে না থাকলেও মানের অনুপস্থিতির কারণ ফুটবল নয়, পরিবার। নতুন সন্তানের আগমনের মুহূর্তে স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে মানুষটি নিজের গ্রামের সন্তানদের নিরাপদে জন্ম নেওয়ার সুযোগ করে দিতে হাসপাতাল নির্মাণ করেছেন, তার কাছে পরিবারের এই মুহূর্তও যে বিশেষ গুরুত্ব বহন করে, সেটিই যেন আবারও ফুটে উঠেছে।
হয়তো বাম্বালির হাসপাতালের কোনো কক্ষে এই সময় জন্ম নিচ্ছে আরেকটি শিশু। সেখানে চিকিৎসক, নার্স কিংবা পরিবারের কেউ তার পাশে রয়েছেন। শিশুটির নিরাপদ জন্মের পেছনে যে হাসপাতালটির অবদান, সেটি গড়ে উঠেছে এক ফুটবলারের শৈশবের কষ্ট আর মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে। মাঠের গোল কিংবা ট্রফির বাইরেও সাদিও মানের সাফল্যের এই গল্পই তাকে অন্যদের থেকে আলাদা করে।



