...|...|...

বিনোদন

এক দশক পর পরিচালনায় মৌসুমী, আসছে নতুন সিনেমা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২৬, বিকেল ৪:৪৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১১
Shares
এক দশক পর পরিচালনায় মৌসুমী, আসছে নতুন সিনেমা

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছরের বিরতির পর আবারও নির্মাতার আসনে ফিরলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। তার পরিচালনায় নির্মিত নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ পেয়েছে। ফলে সিনেমাটির মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে
।
জানা গেছে, মনোস্তাত্ত্বিক গল্পনির্ভর এই সিনেমার নির্মাণকাজ করোনাকালেই সম্পন্ন করেন মৌসুমী। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও আবদুন নূর সজল। 

বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তাঁর স্বামী অভিনেতা ওমর সানী। তিনি বলেন, ‘ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক সাংবাদিক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল।

পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’

এর আগে ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। প্রায় এক দশক পর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে তিনি আবারও পরিচালনায় সক্রিয় হলেন। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের কাজের পরিধি বাড়িয়ে চলেছেন এই জনপ্রিয় তারকা।

পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও রয়েছে মৌসুমীর সম্পৃক্ততা। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রযোজকের ভূমিকায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘আবার আমি এতিম হতে চাই’ শিরোনামের একটি চলচ্চিত্রও প্রযোজনা করেছেন তিনি।

এদিকে ‘বিচ্ছেদ বেদনা’ অনাপত্তি সনদ পাওয়ার পর চলচ্চিত্রটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে ঘোষণা এখনো আসেনি।