...|...|...

খেলা

এক ওভারে ৬ ছক্কা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে তাণ্ডব বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৯
Shares
এক ওভারে ৬ ছক্কা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে তাণ্ডব বাংলাদেশের

ছবি: সংগৃহীত

হংকং সিক্সেসে প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত  হেরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে সেই হতাশার জবাব দিয়েছে টাইগাররা। বোল সেমিফাইনালের ম্যাচে এক ওভারেই ছয়টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে প্রোটিয়াদের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

শনিবার (৩১ অক্টোবর) হংকংয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সোহান। তবে অন্য প্রান্তে সাব্বির রহমান নিজের ইনিংস বড় করতে পারেননি। ৬ বলে ৭ রান করে দলীয় ৫২ রানে বিদায় নেন তিনি। অন্যদিকে মাত্র ১৩ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে থামেন সোহান।

ম্যাচের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার ব্ল্যাক সিম্পসনের ওপর চড়াও হন সোহান ও মৃত্যুঞ্জয়। ওই ওভারে দুজন মিলে ছয়টি ছক্কা আদায় করেন। ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন সোহান। এরপর মাঠ ছাড়তে হয় তাকে। বাকি চার বলে টানা চারটি ছক্কা মারেন মৃত্যুঞ্জয়।

সেখানেই শেষ হয়নি বাংলাদেশের ছক্কার ঝড়। পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা সাত বলে ছক্কা হজম করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

শেষদিকে মৃত্যুঞ্জয়ও চালিয়ে যান আক্রমণাত্মক ব্যাটিং। ৬ বলে ২৬ রান করে আউট হন তিনি। এরপর আবারও ব্যাটিংয়ে নামেন সোহান। অন্যদিকে অধিনায়ক রনি ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।