...|...|...

খেলা

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লেকক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৯
Shares
এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লেকক

এক ওভারে ৫ উইকেট নিয়েছেন চ্যাড লেকক। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে বিরল কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার চ্যাড লেকক। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিএসএ প্রো২০ কাপে টাইটানসের বিপক্ষে কেজেডএন-ইনল্যান্ডের হয়ে এই রেকর্ড গড়েন ২৬ বছর বয়সী বোলার। দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়ার দিনে ক্যারিয়ারসেরা বোলিংও করেছেন তিনি। ২৬ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পিটারমারিৎসবার্গে অনুষ্ঠিত ম্যাচে টাইটানসের ইনিংসের ১৯তম ওভারে অবিশ্বাস্য বোলিং করেন লেকক। ওই ওভারে প্রথম বলে লিউস ডু প্লয়কে ফেরানোর পর টানা চার বলে আউট করেন দাইয়ান গালিয়েম, আফিউয়ে মানইয়ান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে। অর্থাৎ, ওভারের ছয় বলে পাঁচ উইকেট তুলে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেওয়ার ঘটনাও এই প্রথম। পূর্ণ সদস্য দেশগুলোর হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে এমন কীর্তি গড়েছেন লাসিথ মালিঙ্গা, রশিদ খান, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডার।

লেককের বিধ্বংসী বোলিংয়ে টাইটানসের ইনিংস শেষ হয় ২০৪ রানে। একসময় ১৯৩ রানে ৪ উইকেটে থাকা দলটি শেষ পর্যন্ত অলআউট হয়ে যায়। সিএসএ প্রো২০ কাপের ইতিহাসে এটিই এখন সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে ২০১৪ সালে ২৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন বিউরান হেনড্রিকস।

এর আগে ম্যাচের নবম ওভারেও সাফল্য পেয়েছিলেন লেকক। টাইটানসের উদ্বোধনী জুটিতে ১১২ রান ওঠার পর লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে ফিরিয়ে কেজেডএন-ইনল্যান্ডকে প্রথম উইকেট এনে দেন তিনি। ৩৬ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন প্রিটোরিয়াস।

তবে ব্যক্তিগত রেকর্ড গড়েও দলকে জেতাতে পারেননি লেকক। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেজেডএন-ইনল্যান্ড ৬ উইকেটে ১৮৩ রান তুলতে সক্ষম হয়। ব্যাট হাতে লেকক অপরাজিত থাকেন ৩১ রানে। ফলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইটানস। এই জয়ে টুর্নামেন্টে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার ধারাও বজায় রেখেছে দলটি। পয়েন্ট তালিকার শীর্ষস্থানেও রয়েছে তারা।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় লেকক চতুর্থ। তার আগে এই বিরল কীর্তি গড়েছেন বাংলাদেশের আল-আমিন হোসেন, ভারতের অভিমন্যু মিথুন ও ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ন্দানা। নারী ও পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার একমাত্র নজির গড়েছেন প্রিয়ন্দানা। ২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে এই কীর্তি দেখান তিনি।

২০১৩-১৪ সালের বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেন। অন্যদিকে, ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফির ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালে কর্ণাটকের হয়ে হরিয়ানার বিপক্ষে এই কীর্তি গড়েন অভিমন্যু মিথুন।

লেককের এই পারফরম্যান্স ঘরোয়া টি-টোয়েন্টিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এক ওভারে পাঁচ উইকেটের বিরল কীর্তির পাশাপাশি ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে নিজের দিনটিকে স্মরণীয় করে রাখলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।