২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন সিস্টেমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কলেজের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এর লগইন প্যানেলে প্রবেশ করতে হবে।
এরপর কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণকসহ প্রযোজ্য নথিপত্র যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে ভর্তি নিয়ে কোনো জটিলতা তৈরি হলে তার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।
অনলাইন ভর্তি সম্পন্নের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইট: https://xiclassadmission.gov.bd


