...|...|...

রাজনীতি

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৮
Shares
পুনর্গঠিত হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসছে। দলটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদ বিলুপ্ত করে নতুন পদ সৃষ্টি এবং নেতাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম দায়িত্ব পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে বিভিন্ন সময়ে নতুন পদ সৃষ্টি ও কমিটির পরিধি বাড়ানো হয়েছে। এতে দুই শতাধিক নেতাকর্মী স্থান পেয়েছেন। সর্বশেষ কমিটিতে মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন যথাক্রমে নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এসব গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে দুটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দুটি সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ তৈরি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপকমিটির প্রধানদের নামও ঘোষণা করা হবে।

এনসিপির এক যুগ্ম আহ্বায়ক বলেন, দলের বেশ কয়েকটি পদ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দুটি করে পদ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন উপকমিটির প্রধান ঘোষণা করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের ঘোষণা আসতে পারে। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেতে যাওয়া সারজিস আলম সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন। এ ক্ষেত্রে আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

রাজনৈতিক পর্ষদের সভায় আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে গত রোববার অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের সভায় জানানো হয়, কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও সিদ্ধান্ত হয়।

সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।