ব্রিটেনে একই সময়ে একাধিক সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল অংকের সরকারি অর্থ নেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন কাশিম চৌধুরী নামের এক কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, তিনি একসাথে পাঁচটি সরকারি চাকরি করতেন এবং বিভিন্ন সময়ে সরকারি প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ নিয়েছেন।
পূর্ব লন্ডনের বাসিন্দা ৫৬ বছর বয়সী কাশিমের বিরুদ্ধে প্রতারণার ৯টি অভিযোগ আনা হয়েছিল। প্রায় সাত ঘণ্টা আলোচনা শেষে জুরি বোর্ড তাকে আটটি মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা এবং একটি তথ্য গোপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে।
বিচারক জানিয়েছেন, কাশিমকে ‘উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড’ ভোগ করতে হতে পারে। অপরাধের গুরুত্ব এবং তার নিজের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে জামিনের আবেদনও নাকচ করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিমের মোট আটটি পূর্ণকালীন সরকারি চাকরি ছিল। এসব চাকরির সময়সীমা একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় তিনি প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন।
প্রসিকিউশনের অভিযোগ, চাকরির আবেদনপত্রে নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। একই সাথে আগে থেকেই অন্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টি গোপন করেছেন। চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার তথ্য সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের জানাননি।
২০২৩ সালে একসাথে পাঁচটি সরকারি চাকরি করছিলেন কাশিম। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ; স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ; যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ); ব্যবসা ও বাণিজ্য বিভাগ; খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা এবং স্বরাষ্ট্র দপ্তর। চুক্তি অনুযায়ী, ওই সময়ে তাঁর সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজ করার কথা ছিল—যা সাত দিনের মোট সময়ের চেয়েও বেশি।
কাশিম আদালতে দাবি করেন, অতীতে চাকরি হারানোর অভিজ্ঞতা থেকে জীবিকা হারানোর ভয় তাঁকে বারবার নতুন চাকরি নিতে প্ররোচিত করেছিল। ২০১৩ সালে শিক্ষা বিভাগের একটি চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর তার পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি শনাক্ত হয়। মানসিক চাপ, উদ্বেগ ও অতীতের অভিজ্ঞতার কারণে চাকরির আবেদন করার সময় তিনি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেননি বলেও দাবি করেন।
তবে প্রসিকিউটর লুসি অর্গান আদালতে বলেন, কাশিম সাক্ষ্য দেওয়ার সময় এবং শপথের অধীনেও মিথ্যা বলেছেন। তার আচরণ প্রতারণার গভীরতা তুলে ধরে।
আদালতে একাধিক ব্যবস্থাপক কাশিমের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। ডেফরায় তার ব্যবস্থাপক ড্যান ম্যাককার্টনি জানান, কাশিমকে প্রায় সব সময় বলে দিতে হতো কী করতে হবে। ভিডিও বৈঠকে তিনি প্রায়ই ক্যামেরা বন্ধ রাখতেন এবং কারিগরি সমস্যার অজুহাত দিতেন। এভাবে কয়েক মাস চললেও আনুষ্ঠানিক কর্মদক্ষতা মূল্যায়নের আওতায় না থাকায় শেষ পর্যন্ত স্থায়ী চাকরি পান এবং সেখানে প্রায় দুই বছর কাজ করেন।
প্রসিকিউশনের আরও অভিযোগ, একাধিক চাকরির অসম্ভব সময়সূচি সামলাতে কাশিম অসুস্থতার সনদ ব্যবহার করতেন। ২০২৩ সালের মার্চে তিনি চারটি প্রতিষ্ঠানে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তবে একই সময়ে স্বরাষ্ট্র দফতরে কাজ চালিয়ে গেলেও সেখানে অসুস্থতার কথা জানাননি।
একই বছরের মে মাসে ইউকেএইচএসএর ব্যবস্থাপক আলিশা অ্যাডামস তার সাথে একটি ভিডিও বৈঠকের আয়োজন করেন। তখন কাশিম প্রায় তিন মাস ধরে অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। তাঁকে কাজে ফেরানোর পরিকল্পনা নিয়েই ওই বৈঠক ডাকা হয়েছিল।
অ্যাডামস আদালতে বলেন, বৈঠকের শুরুতে কাশিমকে প্রচুর কাশতে দেখা যায় এবং তিনি ক্যামেরার সামনে টিস্যু নাড়াচ্ছিলেন। তার মুখে সাদা মেকআপ ছিল বলেও সন্দেহ হয়। বৈঠক চলার সময় ঘাম ও ঘষার কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে এবং মুখের নিচের অংশ ও ঘাড় তুলনামূলক গাঢ় দেখা যায়। তবে কাশিম মেকআপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।
বৈঠকের পর অ্যাডামস জানতে পারেন, কাশিম ডেফরার ই-মেইল ঠিকানা ব্যবহার করে ইউকেএইচএসএর বৈঠকে যোগ দিয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি কারিগরি ত্রুটির অজুহাত দেন। পরে সন্দেহ আরও বাড়লে অ্যাডামস বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
২০২৩ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের মাধ্যমে ডেফরার কাছে সন্দেহজনক প্রতারণার তথ্য পৌঁছায়। এরপর তদন্ত শুরু হয়। ওই বছরের জুলাইয়ে কাশিমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেপ্টেম্বরে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এদিকে কাশিমের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি নিয়ে আরেকটি আলাদা মামলাও চলছে। তার দুই ভাই ও এক বোন অভিযোগ করেছেন, মায়ের মৃত্যুর কয়েক দিন আগে পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে লিখে নিতে তিনি ‘অযাচিত প্রভাব’ খাটিয়েছিলেন।
হাইকোর্টের মামলায় বলা হয়েছে, তাদের মা ফাইজুন নেসা গুরুতর অসুস্থ অবস্থায় এমন কিছু নথিতে স্বাক্ষর করেছিলেন, যার ফলে পূর্ব লন্ডনের চারতলা ও ছয় শয়নকক্ষের বাড়িটির অর্ধেক মালিকানা কাশিমের নামে চলে যায়। বাড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ পাউন্ড।
ভাই-বোনদের দাবি, ২০২৩ সালের জানুয়ারিতে ফাইজুন নেসার চতুর্থ পর্যায়ের কোলোরেক্টাল ক্যানসার ধরা পড়ে। তিনি প্রায় অন্ধ ছিলেন এবং ইংরেজি বলতে পারতেন না। অথচ নথিগুলো তার মাতৃভাষা বাংলায় অনুবাদ করা হয়নি।
কাশিম চৌধুরী অবশ্য ভাই-বোনদের এসব অভিযোগ অস্বীকার করেছেন। ওই মামলার বিচার এখনও চলমান।


