...|...|...

বিশ্ব

একদিনে ৩০৭ ইরানপন্থি যোদ্ধাকে ‘হত্যা’ করেছে ইয়েমেনি বাহিনী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫২
Shares
একদিনে ৩০৭ ইরানপন্থি যোদ্ধাকে ‘হত্যা’ করেছে ইয়েমেনি বাহিনী

ছবি: সংগৃহীত

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ৭৩৬টি সামরিক অভিযানে ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডারকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় হুথিদের ৬৮টি সামরিক যান ও বিভিন্ন অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, শনিবার (২৪ অক্টোবর) সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে চালানো এসব হামলায় হুথিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশস্থল, অতিরিক্ত সেনা মোতায়েনের স্থান, অস্ত্রাগার ও সরবরাহপথ লক্ষ্যবস্তু করা হয়।

তবে অভিযানে কতজন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি সেনাবাহিনী। এ বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের একটি পরিত্যক্ত হোটেলে হুথিদের কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান ও অস্ত্রাগারে হামলা চালানোর কথাও জানিয়েছে সেনাবাহিনী। তাদের অভিযোগ, হুথিরা হোটেলটিকে পর্যবেক্ষণ কেন্দ্র ও গোলাবর্ষণের অবস্থান হিসেবে ব্যবহার করে আবাসিক এলাকাগুলোর জন্য হুমকি তৈরি করছিল। পাশাপাশি শহরটিতে অবরোধ বজায় রাখছিল তারা।

সেনাবাহিনী আরও জানায়, ওই এলাকা থেকে চালানো গোলাবর্ষণ বন্ধ করতে সরকারি বাহিনী অভিযান চালিয়েছে।

তাইজ শহরে এখনো লড়াই চলছে। শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি গ্রামীণ ও উপকূলীয় কিছু এলাকায় নিজেদের অবস্থান জোরদার করেছে হুথিরা।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও অন্যান্য প্রদেশ দখল করার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।

বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, সরকারি বাহিনী ও তাদের মিত্ররা এডেনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।