এই জাতিকে গুমের অভিশাপ থেকে মুক্তি দিতে হবে এবং দেশের মাটিতে যেন আর কখনো গুম ফিরে আসতে না পারে, তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় গুমের ঘটনা উন্মোচনে ইনসাইডার উইটনেস বা ভেতরের সাক্ষীদের ভূমিকা এবং তদন্তের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
তাজুল ইসলাম বলেন, গুমের শিকার ব্যক্তিদের হত্যার ঘটনাগুলোর তথ্য সহজে বের করা সম্ভব নয়। কারণ, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারা নিখোঁজ হয়েছেন এবং চিরদিনের জন্য হারিয়ে গেছেন। ভুক্তভোগী পরিবারগুলো এখনো জানে না, তাদের স্বজনদের কোথায় নেওয়া হয়েছে, কখন তাদের মৃত্যু হয়েছে কিংবা কোথায় তাদের কবর দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই যে ইনসাইডার উইটনেস- তাদের ছাড়া কিন্তু এই তথ্যগুলো কোনোদিন পাওয়া যেত না।
এ কারণে তারা ভেতরের সাক্ষীদের খুঁজতে থাকেন। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাথে যোগাযোগের পাশাপাশি র্যাবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের সাথেও কথা বলেন।
তাজুল ইসলাম জানান, সেনাবাহিনীর অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে একাধিক দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পাঁচ দিন বা তারও বেশি সময় কথা বলার পর একপর্যায়ে কেউ কেউ ভেঙে পড়েন এবং ঘটনার বিষয়ে তথ্য দিতে শুরু করেন। তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এভাবেই ছোট একটি সূত্র ধরে পুরো ঘটনার চিত্র উন্মোচন করা সম্ভব হয়।
চরদুয়ানির একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তা প্রথমে তাদের জানান, সেখানে একটি অভিযান চালানো হয়েছিল। ওই কর্মকর্তার দেওয়া একটি নামের সূত্র ধরে চরদুয়ানিকেন্দ্রিক কয়েক শ মানুষকে হত্যার ঘটনার তথ্য সামনে আসে। এ বিষয়ে বিস্তারিত পরে তুলে ধরবেন বলেও জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, আজকে আমি এখানে এসেছি প্রসিকিউশনকে তাদের সাথে আমাদের সলিডারিটি বলার জন্য, কারণ এটা জাতীয় একটা বিষয়। আমাদের এই রাষ্ট্রের নাগরিকরা হারিয়ে গেছেন চিরদিনের জন্য। নিষ্ঠুরতম পন্থায় তাদেরকে মেরে ফেলা হয়েছে, একটা কালচারে পরিণত করা হয়েছিল।
গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, অনেক পরিবারই জানে না, তাদের স্বজনের মৃত্যু কবে হয়েছে, কোথায় তাকে দাফন করা হয়েছে। এই কান্না ও অপেক্ষার অবসান ঘটাতে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।
প্রসিকিউশন দলকে সহযোগিতার বিষয়ে সাবেক এই চিফ প্রসিকিউটর বলেন, আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, আমাদের ভালোবাসা সবকিছু দিয়ে আমরা চাই এই সুষ্ঠু বিচারটা হোক। আজকে চিফ প্রসিকিউটর কম্পিটেন্ট হাতে সেটার হাল ধরেছেন, আমরা তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, আমরা থাকব, যতদিন প্রয়োজন হয় তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে এই জাতিকে এই গুমের অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। অ্যান্ড নেভার এগেইন- এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না।


