...|...|...

সারাদেশ

এইচএসসি পরীক্ষার্থী ইকনের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, রাত ১:৫১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪৭
Shares
এইচএসসি পরীক্ষার্থী ইকনের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে ডিউটি এবং সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের অদম্য শিক্ষার্থী ইকন-এর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রীর পিএস জানান, চলমান পরীক্ষা চলাকালীন ইকনকে যেন আর্থিক সংকটের মুখে চাকরি করতে না হয়, সে জন্য শিক্ষামন্ত্রী তাকে দ্রুত আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরীক্ষা শেষ হওয়ার পর ইকনের উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ পড়াশোনার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়ার আকস্মিক মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে চার সদস্যের সংসার চালানো ইসরাফিলের মৃত্যুর পর শোকে ও সংকটে ভেঙে পড়ে পরিবারটি।

মানসিকভাবে ভারসাম্যহীন ভাই ও মাকে নিয়ে চার হাজার টাকার ভাড়া বাসায় থাকা ইকন পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদেই বাবার দাফন সম্পন্ন করে রাতে এটিএম বুথে ডিউটি করতে বাধ্য হয়েছিল এবং সকালে পরীক্ষায় অংশ নিয়েছিল। বিষয়টি সরকারের উচ্চ মহলের নজরে আসার পর শিক্ষামন্ত্রী নিজে এই দায়িত্ব নিলেন।