...|...|...

বিশ্ব

উৎক্ষেপণের ৪৯ বছর পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নাসার মহাকাশযান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১:১৫
Shares
উৎক্ষেপণের ৪৯ বছর পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নাসার মহাকাশযান

ছবি: সংগৃহীত

মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নাসার মহাকাশযান ভয়েজার-১। আগামী ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করবে মহাকাশযানটি। মানবসৃষ্ট কোনো বস্তু হিসেবে এই প্রথম এমন মাইলফলক অর্জন করতে যাচ্ছে এটি। ১৯৭৭ সালে উৎক্ষেপণের প্রায় পাঁচ দশক পর এই অর্জনের সামনে দাঁড়িয়েছে ভয়েজার-১।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, নাসার তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর বুধবার গ্রিনিচ মান সময় ১০টা ১৬ মিনিটে পৃথিবী থেকে ভয়েজার-১-এর দূরত্ব দাঁড়াবে ১৬০৯ কোটি ৪০ লাখ মাইল বা ২৫৯০ কোটি ২০ লাখ কিলোমিটার। এক আলোকদিন বলতে আলো এক দিনে যে দূরত্ব অতিক্রম করে, তা বোঝায়।

এত দূরত্বে পৌঁছানোর ফলে পৃথিবী থেকে পাঠানো বেতার সংকেত ভয়েজার-১-এ পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা লাগবে। একইভাবে মহাকাশযান থেকে পাঠানো সংকেত পৃথিবীতে ফিরতে আরও ২৪ ঘণ্টা সময় নেবে। অর্থাৎ কোনো বার্তা পাঠিয়ে উত্তর পেতে অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার-১। শুরুতে বৃহস্পতি ও শনি গ্রহ অনুসন্ধানের জন্য তৈরি করা হলেও পরে এটি আন্তনাক্ষত্রিক মহাকাশের দিকে যাত্রা অব্যাহত রাখে।

১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে নাসার আরেক মহাকাশযান পাইওনিয়ার-১০-কে ছাড়িয়ে পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী মানবসৃষ্ট বস্তুতে পরিণত হয় ভয়েজার-১। এরপর ২০১২ সালের আগস্টে সৌরজগতের হেলিওস্ফিয়ার বা সূর্য থেকে নির্গত কণা ও চৌম্বকক্ষেত্রের তৈরি সুরক্ষাবলয় পেরিয়ে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে এটি। এ ক্ষেত্রে এটিই ছিল প্রথম মহাকাশযান।

ভয়েজার-১ ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ এখন পর্যন্ত একমাত্র মহাকাশযান, যেগুলো হেলিওস্ফিয়ারের বাইরে গিয়ে কার্যক্রম চালিয়েছে। উৎক্ষেপণের ৪৯ বছরের বেশি সময় পার হলেও ভয়েজার-১ এখনো বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে। তবে এর ক্রমহ্রাসমান শক্তি সংরক্ষণে কাজ করছেন নাসার প্রকৌশলীরা।

ঐতিহাসিক এই মুহূর্ত উদ্‌যাপনে বিশ্বজুড়ে মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে নাসা। ১৭ নভেম্বর মঙ্গলবার সূর্যাস্তের পর আকাশের দিকে আলো জ্বালিয়ে ‘শাইন ব্রাইট ফর ভয়েজার’স লাইট-ডে’ কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি।