...|...|...

শিক্ষা

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৩
Shares
উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না। ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় সফল হয়ে চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছিলেন তামান্না। নিজ উপজেলা চাঁদপুরের মতলব দক্ষিণের মেধাতালিকায় প্রথম এবং পুরো জেলায় ১১তম অবস্থানে ছিলেন তিনি। তবে নিয়োগের জন্য প্রায় আট মাস অপেক্ষার পর পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনে বাদ পড়ায় শেষ পর্যন্ত নিয়োগপত্র পাননি।

তামান্নার দাবি, রাজনৈতিক পরিচয়ের একটি ‘ট্যাগ’ দিয়ে তাকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও তার ভাষ্য, তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য কখনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়ার বিষয়টি জানতে পারেন তামান্না। এরপর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

নিয়োগপত্র না পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তামান্না লেখেন, জন্মই আমার আজন্ম পাপ! আমি এ রাষ্ট্রযন্ত্রকে ধিক্কার জানাই! এ যেনো কষ্ট করে পাওয়া চাকুরি টাকে ছিনিয়ে নেওয়া, এ যেনো মায়ের কোল থেকে একটা সন্তানকে ছিনতাই করা!

তামান্না লেখেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০২৫ এ আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আমার একাডেমিক সকল সার্টিফিকেট ভালো। বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ এর ইংরেজি বিভাগ থেকে অনার্সে ফার্স্ট ক্লাস এবং ডিপার্টমেন্টে সেকেন্ড ও সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে ফার্স্ট ক্লাস এবং ডিপার্টমেন্টে ফার্স্ট হয়ে মাস্টার্স সম্পন্ন করেছি। 

তিনি লেখেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ-২০২৫ এ লিখিত ও ভাইবা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আমার উপজেলায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার মেরিটে লিস্টে-১ম স্থান ও সমগ্র চাঁদপুর জেলায় ১১তম হই।

তিনি আরও লেখেন, কিন্তু গতকাল ২৪ সেপ্টেম্বর আমার নামে কোনো নিয়োগপত্র ইস্যু হয়নি কারণ পুলিশ/এনএসআই ভ্যারিফিকেশনে আমাকে বাদ দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে সকল ধাপে উত্তীর্ণ হয়ে দীর্ঘ ৮ মাস অপেক্ষার পর পলিটিক্যাল ট্যাগ দিয়ে আমাকে বাদ দেওয়া হয়েছে। যেখানে আমি কিংবা আমার পরিবার কোনোকালে রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম না।

তামান্না বলেন, যে দেশে মেধার মূল্যায়ন হয় না, আমি সে দেশকে তার মেধাবীদেরসহ ধ্বংস কামনা করি।