জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
এর আগে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছিলেন দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। জাবিতে নিয়োগ পাওয়ার আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের সুবিধার্থে তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক জাবিতে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট পাঁচটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও আদেশে স্পষ্ট করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


