ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মঙ্গলবার (১০ নভেম্বর) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ওই দিন ক্লাস নেননি, তাদের নাম বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া যেসব শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠাতে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকদের কাছে চিঠিও পাঠানো হয়েছে।

