ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের কল্যাণ ও উন্নয়নে কোনো বিশেষ গোষ্ঠী বাধা সৃষ্টির চেষ্টা করলে অতীতের মতো ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
রবিবার (১৬ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিএনসিসির উদ্যোগে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রায় ৪০ বছর ধরে রাজনৈতিক সহকর্মী ও নেতাকর্মীদের সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছেন তারা। তাঁর জীবদ্দশায় দোয়া মাহফিল, কেক কাটা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হতো। এখন তিনি তাদের মাঝে নেই। তাই এই দিনে আল্লাহর কাছে তাঁর জন্য দোয়া করবেন।
তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকব, আমাদের নেত্রীর আদর্শে আদর্শিত হয়ে তিনি যেভাবে দেশের ও মানুষের জন্য কাজ করেছেন, সেই কাজগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব।’
ডিএনসিসি প্রশাসক দীর্ঘদিনের সহকর্মী ও সহযোদ্ধাদের সিটি করপোরেশনের ভালো ও উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ৩০ হাজারের বেশি গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে আরও জায়গা নির্ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, অতি দ্রুত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘মিয়াকো বন’ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হবে।
শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা আমাদের কাজ করব। এরপর এই বন ও পরিবেশ রক্ষার দায়িত্ব আপনাদের। এখান থেকে আপনাদের এলাকার মানুষ ও পরিবারের সন্তানরা অক্সিজেন গ্রহণ করবে। তাই সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্ব নিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের নেওয়া উদ্যোগকে ব্যক্তিগত উদ্যোগ নয়, সরকারের উদ্যোগ উল্লেখ করে তিনি তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



