...|...|...

বিশ্ব

উত্তেজনার মধ্যেই একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
উত্তেজনার মধ্যেই একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার (১২ অক্টোবর) পিয়ংইয়ং এলাকা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর একটি ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এ ঘটনায় কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বেড়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি তারা। জাপানের কোস্টগার্ডও দুটি অজ্ঞাত বস্তু শনাক্তের কথা জানিয়েছে। সেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বস্তু দুটি সমুদ্রে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, পিয়ংইয়ংয়ের বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে সিউল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র জাং দো-ইয়ংয়ের মতে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং দেশটির প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। দেশটির প্রেসিডেন্টের উপস্থিতিতে এ ধরনের পরীক্ষা প্রকাশ্যে প্রদর্শনের ঘটনা বিরল। সিউলের দাবি, অস্ত্রটি পুরোপুরি প্রস্তুত হলে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক আঘাত হানার সক্ষমতা বাড়বে।

এর আগে ৩ অক্টোবর উত্তর কোরিয়া একটি হাইপারসনিক মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর উপযোগী করে অস্ত্রটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে, দুই কোরিয়ার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন দক্ষিণ কোরীয় সেনা আহত হওয়ার ঘটনাও উত্তেজনা বাড়িয়েছে। যৌথ তদন্তে উত্তর কোরিয়ার বাহিনীর বিরুদ্ধে প্রায় এক বছর আগে সেখানে দুটি মাইন পুঁতে রাখার অভিযোগ ওঠে। তবে পিয়ংইয়ং তা প্রত্যাখ্যান করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেন। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থগিত কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।