...|...|...

বিশ্ব

ইয়েমেনের তাইজে হুথিদের ভয়াবহ হামলা, নিহত ৩৩

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৪
Shares
ইয়েমেনের তাইজে হুথিদের ভয়াবহ হামলা, নিহত ৩৩

ছবি: সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে গত ৭৩ ঘণ্টায় হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ‘ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস’ এ তথ্য জানিয়েছে। সংস্থাটির দাবি, গত ৭৩ ঘণ্টায় বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে মোট ১৩৩টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে আবাসিক এলাকায় ২১৬টি গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তাইজের আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে ভয়াবহ হামলা চালানো হয়। মানবাধিকার সংস্থাটির দাবি, হুথিদের চালানো ওই হামলায় প্রায় ৩০ জন নিহত এবং ৪৫ জন আহত হন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয় অন্তত ১৩টি বাড়ি।

তবে হামলার দায় অস্বীকার করেছে হুথিরা। তাদের দাবি, সৌদি আরবের বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত কর্তৃপক্ষ এ ঘটনার জন্য হুথিদের দায়ী করেছে। পরস্পরবিরোধী এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতার মধ্যে ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। পাশাপাশি ১২টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বেসামরিক যানবাহন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে অব্যাহত গোলাবর্ষণ ও চলাচলে বিধিনিষেধের কারণে তাইজের মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এ অবস্থায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস।