...|...|...

জাতীয়

ইসির সাথে ১৫ রাজনৈতিক দলের সংলাপ রবিবার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৯:০৪
Shares
ইসির সাথে ১৫ রাজনৈতিক দলের সংলাপ রবিবার

ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে তিন দিনব্যাপী সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনের এই মতবিনিময় সভা রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে বিএনপি ও জামায়াতে ইসলামীর শরিক দলগুলো বাদে মোট ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান।

তিনি বলেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রবিবারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। ফলে ১৫টি দলের সাথে সংলাপ হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ইসি জানিয়েছিল, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; তাই দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশের সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি ইসি।

রবিবার যে ১৫টি দলের সাথে সংলাপ হবে: জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

সংলাপের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯টি দলের সাথে সংলাপ হবে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। আর ১ ডিসেম্বর তৃতীয় দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর শরিক দলসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসির ঘোষিত সূচি অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। এ ছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।