স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (৩০ নভেম্বর) বিএনপির সাথে সংলাপে বসার কথা থাকলেও শেষ মুহূর্তে নতুন করে সময় চেয়েছে দলটি। পরবর্তী সময়ে নতুন দিনক্ষণ নির্ধারণ হলে সংলাপে অংশ নেবে বিএনপি।
রবিবার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সোমবার নির্বাচন কমিশনের সাথে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিষয়টি ইতোমধ্যে ইসিকে জানানো হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হলে দলটি সংলাপে অংশ নেবে।
এর আগে রবিবার স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। নিবন্ধনের ক্রম অনুযায়ী প্রথম দিনের সংলাপে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।
তবে প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার আগ্রহের কথা ইসিকে জানিয়েছে দলটি।
অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছিল বিএনপি। সে অনুযায়ী দলটির সাথে বৈঠকের নতুন সূচি নির্ধারণ করে নির্বাচন কমিশন।
তবে শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এলো। বিএনপি আবারও সময় চাওয়ায় সোমবার দলটির সাথে ইসির সংলাপ হচ্ছে না। সংলাপের নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।


