...|...|...

বিশ্ব

আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা আরও ৯০ দিন বাড়াল ইসরায়েল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১:৩১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১:৩৪
Shares
আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা আরও ৯০ দিন বাড়াল ইসরায়েল

ছবি: এআই

ইসরায়েলে সংবাদমাধ্যম আল জাজিরার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরও ৯০ দিন বাড়ানোর অনুমোদন দিয়েছে তেল আবিবের একটি আদালত। এর ফলে দেশটিতে নেটওয়ার্কটির কার্যালয় বন্ধ রাখা এবং সম্প্রচার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

২০২৪ সালের মে মাসে ইসরায়েলি মন্ত্রিসভা দেশটিতে আল জাজিরার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি পার্লামেন্টে একটি আইন পাস হয়। ওই আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি সম্প্রচারমাধ্যম সাময়িকভাবে বন্ধ করার সুযোগ রাখা হয়।

একই বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার কার্যালয়ে অভিযান চালায়। এ সময় বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র জব্দ করে কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।

তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানিকর অভিযোগ আনার অভিযোগ তোলে আল জাজিরা। নেটওয়ার্কটি ইসরায়েলের এই পদক্ষেপকে মুক্ত গণমাধ্যমের ওপর দমন-পীড়ন হিসেবে আখ্যা দেয় এবং একে আন্তর্জাতিক ও মানবিক আইনের পরিপন্থী বলে দাবি করে।

আল জাজিরা আরও জানায়, এ ধরনের অভিযোগ তাদের পেশাদার সাংবাদিকতা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। একই সঙ্গে, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার অধিকারও সংরক্ষণ করবে নেটওয়ার্কটি।