দখলদার ইসরায়েলের ‘দখলকৃত’ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞাসহ একাধিক পদক্ষেপ অনুমোদন করেছে বেলজিয়ামের ফেডারেল সরকার। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।
বেলজিয়ামের সরকারি সূত্রের বরাতে জানা গেছে, গ্রীষ্মকালীন অবকাশের আগে সরকারের শেষ বৈঠকে এসব পদক্ষেপ অনুমোদন করা হয়। গত বছরের শেষ দিকে গাজা পরিস্থিতি নিয়ে সরকারের নেওয়া একটি চুক্তির অংশ হিসেবেই ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে।
বেলগা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞাটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে বিস্তারিত নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি।
বেলজিয়াম সরকারের এই পদক্ষেপ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। দেশটির সরকার এর আগে গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপ নিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলি অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি আহত হয়েছেন। একই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এ ছাড়া, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৬০০-এর বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


