...|...|...

বিশ্ব

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ১০২ সাবেক কূটনীতিকের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৫৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১:৪১
Shares
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ১০২ সাবেক কূটনীতিকের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের সরকারের প্রতি যৌথ আহ্বান জানিয়েছেন দেশ দুটির ১০২ জন সাবেক কূটনীতিক। শনিবার (২২ আগস্ট) ফরাসি দৈনিক লে মঁদে-তে প্রকাশিত এক খোলা চিঠিতে তারা এই দাবি জানান। খবর আল জাজিরার।

চিঠিতে কূটনীতিকেরা বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বর্তমান নীতি ও পদক্ষেপ আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করছে। এটি ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান’-এর সম্ভাবনাকে স্থায়ীভাবে নস্যাৎ করে দিচ্ছে।

বাড়িঘর ধ্বংস এবং অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘জাতিগত নিধনে’র অংশ হিসেবে উল্লেখ করে তারা বলেন, ইসরায়েলকে আন্তর্জাতিক স্তরে আর ‘সত্যিকারের গণতন্ত্র’ হিসেবে দেখার সুযোগ নেই।

চিঠিতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সমান অধিকার নিশ্চিতের তাগিদ দেওয়া হয়। জাতিসংঘে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও এমির জোন্স প্যারি এবং ফ্রান্সের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক ইভেস অবিন দ্য লা মেসুজিয়ের ও দনিস বুশার্ডসহ আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ১০২ জন ব্যক্তিত্ব এতে স্বাক্ষর করেন।

সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত নিকোলাস হপটন জানান, চিঠির বক্তব্যগুলো তাদের মনগড়া নয়; বরং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতেই তৈরি।

এদিকে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি-পরবর্তী হামলাতেই অন্তত ১ হাজার ২৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।