ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ২০ বছর বয়সী ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। তিনি গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। এ নিয়ে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় বিমান হামলায় প্রাণ হারান আবদেল-মালেক। তার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে গাজা স্পোর্টস ক্লাব। সেখানে তাকে ক্লাবের কিংবদন্তি ও প্রথম দলের গোলরক্ষক হিসেবে স্মরণ করা হয়েছে।
পিএফএর হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ১ হাজার ১৭ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন।
মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে একটি টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলেন আবদেল-মালেক। ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ নামের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তার স্মরণে। গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে রানার্সআপ হয়েছিল তার দল গাজা স্পোর্টস ক্লাব।
টুর্নামেন্টে অংশ নিয়েছিল দুই শতাধিক ক্লাব। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবিরের ৩৬টি ক্লাব ছিল। তিন অঞ্চলে একই সময়ে শুরু হয়েছিল প্রতিযোগিতাটি।
এর কয়েক দিন আগেও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারায় ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ নিদাল বারবাক। শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সে।
গাজায় ক্রীড়াবিদদের প্রাণহানি ও ক্রীড়া অবকাঠামো ধ্বংসের ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার ভূমিকা নিয়েও সমালোচনা রয়েছে। গত মার্চে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল পিএফএ। এ ছাড়া ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে ইসরায়েলের বেইতার জেরুজালেম ক্লাবের ধারাবাহিক বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার বিষয়টি উঠে এসেছিল।
ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের দাবি, ইসরায়েলি হামলায় গাজার ক্রীড়াঙ্গনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি ধ্বংস হয়েছে। পাশাপাশি ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি পাঁচ-এ-সাইড ফুটবল মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন।



