...|...|...

বিশ্ব

ইসরায়েলবিরোধী বক্তব্যের শঙ্কায় ফিলিস্তিনি পাদ্রিকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
ইসরায়েলবিরোধী বক্তব্যের শঙ্কায় ফিলিস্তিনি পাদ্রিকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরের বেথলেহেমে অবস্থিত ঐতিহাসিক চার্চ অব দ্য ন্যাটিভিটির ফিলিস্তিনি প্যারিশ যাজক ফাদার ইসা থালজিয়েহকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে ধর্মীয় নেতাদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ভয়াবহতা নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল তার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন ‘অর্থোডক্স ক্রিশ্চিয়ানস ফর প্যালেস্টাইন’ (ওসিপি)-এর স্বেচ্ছাসেবক লায়লা মোখাইবার।

তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফাদার ইসা থালজিয়েহর ভিসা বাতিল করা হয়েছে। তার ভাষায়, বেথলেহেমের একজন প্যারিশ যাজককে নিরাপত্তা হুমকি হিসেবে দেখা উদ্বেগজনক। কারণ, এতে যারা সরাসরি সহিংসতার অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছেন, তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগও সীমিত হয়ে পড়ে।

মিডল ইস্ট আই জানিয়েছে, এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সাথে যোগাযোগ করেছে।

আগামী সোমবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবনের কাছে ইউনাইটেড মেথডিস্ট বিল্ডিংয়ে ক্যাথলিক, অর্থোডক্স ও প্রোটেস্ট্যান্ট ধর্মীয় নেতাদের এক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেখানে অংশগ্রহণকারীরা কংগ্রেসের কাছে ইসরাইলি বসতি স্থাপনকারী ও ইসরাইলি সামরিক বাহিনীকে জবাবদিহির আওতায় আনার দাবি জানাবেন। একই সাথে ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ সীমিত করারও আহ্বান জানানো হবে।

ফাদার ইসা থালজিয়েহ ওই অনুষ্ঠানে মার্কিন ধর্মীয় নেতাদের সাথে একসঙ্গে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে ভিসা না পাওয়ায় তিনি অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারবেন না।