...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত কমায় সামরিক বাজেট কমানোর পথে যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:১৪
Shares
ইরান যুদ্ধে অস্ত্রের মজুত কমায় সামরিক বাজেট কমানোর পথে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়ায় সামরিক বাজেট কমানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১ লাখ ৫০ হাজার কোটি ডলারের সামরিক বাজেট থেকে ৪০ হাজার কোটি ডলার কমিয়ে ১ লাখ ১০ হাজার কোটি ডলারে নামানোর পরিকল্পনা করা হচ্ছে

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা খাতের এক কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত আরও তিনজনের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা বাড়তে থাকায় পেন্টাগন ও কংগ্রেসের ব্যয়সংক্রান্ত কমিটিগুলো কম বাজেট ধরে পরিকল্পনা করছে।

বাজেট কমানো হলে অস্ত্র কেনার কার্যক্রম ব্যাহত হতে পারে। পাশাপাশি নতুন সামরিক কর্মসূচি পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইরান যুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণ করাও বিলম্বিত হতে পারে।

পলিটিকোর প্রতিবেদনে পেন্টাগনের হিসাব উদ্ধৃত করে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত ৪ হাজার ৭০০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় হয়েছে গোলাবারুদ খাতে।

এর আগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসের মাধ্যমে অতিরিক্ত সামরিক তহবিল অনুমোদনের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে দলের ভেতরে মতবিরোধ দেখা দেওয়ায় প্রস্তাবটি পাস হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।