ইরানের সাথে সমঝোতা না হলে নতুন বছরের পর দেশটির বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরে চলা সংঘাতের মধ্যে তার এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
রবিবার ফক্স নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা কার্যকর হচ্ছে না। তার অভিযোগ, ইরানের আলোচকেরা সময়ক্ষেপণের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন, অথচ একই সময়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
ট্রাম্প বলেন, নির্বাচনের আগের তুলনায় তারা এখন আরও আগ্রাসী।
ইরানি কর্মকর্তাদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা সব সময় কথা বলে, শুধু কথাই বলে। কিন্তু সবই অর্থহীন।
গালফ অঞ্চলে নতুন করে সংঘাত বেড়ে যাওয়ার মধ্যে ট্রাম্পের এ হুঁশিয়ারি এলো। গত এক সপ্তাহে ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে হামলা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কুয়েতে একটি মার্কিন বিমানঘাঁটিও লক্ষ্যবস্তু হয়েছে।
এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে বৃহত্তর সংঘাতের অংশ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর রেখেছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিল থেকে এই অবরোধ চলছে।
ফক্স নিউজের প্রধান পররাষ্ট্রবিষয়ক সংবাদদাতা ট্রে ইংস্ট ট্রাম্পের কাছে জানতে চান, ইরান যদি এই অবরোধ ভাঙার চেষ্টা করে, তাহলে কী হবে।
জবাবে ট্রাম্প বলেন, আমি আশা করি তারা চেষ্টা করবে। তাহলে তাদের সবাইকে বাকি নৌবাহিনীর মতো সমুদ্রের তলদেশে পাঠানো হবে।
এমন সময় এই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, যখন বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে—ইরান তার অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ থেকে ট্যাংকারের একটি বহর নিয়ে মার্কিন নৌ অবরোধ ভাঙার প্রস্তুতি নিচ্ছে।


