...|...|...

বিশ্ব

ইরানের সাথে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, সকাল ৮:৪৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, সকাল ৬:৩৩
Shares
ইরানের সাথে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা স্থগিত করার পর দেশটির সাথে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। সোমবার (৩ আগষ্ট) বিকেলে এ আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২ আগষ্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান সম্ভাব্য হামলার মাত্রা সম্পর্কে অবগত ছিল। তিনি বলেন, “তারা হামলার রূপরেখা তৈরি হতে দেখেছিল। আমরা তাদের সাথে আলোচনার মাধ্যমে কথা বলছি। এটি আগামীকাল বিকেলে শুরু হবে।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, একটি চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ করেছে।

তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি দাবি করেছে, তেহরান যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করেছে—এমন বক্তব্য ‘নতুন মিথ্যা’।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, “আমরা পরিস্থিতি দেখব। আমরা যখনই চাইব, প্রস্তুত আছি। তবে আমি মানুষ হত্যা করতে চাই না।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো যুক্তরাষ্ট্রের অংশীদাররা তাকে হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তার দাবি, হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

ট্রাম্পের আলোচনার ঘোষণার পর সোমবার এশিয়ার বাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯৮ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দাম কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে সোমবারের আলোচনার স্থান বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তিনি এর আগে বলেছিলেন, পরিকল্পিত হামলা হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হতে পারত এবং এতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ নষ্ট হতে পারত।

সূত্র: বিবিসি