...|...|...

বিশ্ব

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩৬
Shares
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

পুরোনো ছবি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাও একই ধরনের খবর প্রকাশ করে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেলেও এ বিষয়ে ইরানের সরকারি সূত্র থেকে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ক্ষেপণাস্ত্র দুটি কোথা থেকে ছোড়া হয়েছে, হামলার লক্ষ্যবস্তু কী ছিল কিংবা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না- এসব বিষয়ও স্পষ্ট নয়।

কেশম দ্বীপটি ইরানের হরমোজগান প্রদেশের অন্তর্ভুক্ত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে এর অবস্থান। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে।

এর আগে গত ৩ নভেম্বর কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছিল আলজাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, দ্বীপটিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা আকাশে দুটি উড়োজাহাজ দেখার কথাও জানিয়েছিলেন। একই সময়ে হরমুজ প্রণালির কাছের বন্দরনগরী বন্দর লেঙ্গেহ থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

ওই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে ‘প্রতিরক্ষামূলক’ হামলা চালিয়েছে। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া তথ্য এবং ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোর মধ্যে বিস্তারিত বিষয়ে পার্থক্য ছিল।

নতুন করে কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর এমন এক সময়ে সামনে এল, যখন হরমুজ প্রণালি ঘিরে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ ঘটনার সঙ্গে আগের হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।