ইরানি জনগণের দৃঢ় সংকল্প ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের মুখে শত্রুর সব হিসাব-নিকাশ ও পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, শনিবার (৩ অক্টোবর) ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর ৬৫তম স্পেশাল ফোর্সেস র্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আকরামিনিয়া জানান, ৬৫তম ব্রিগেড ইরানের প্রতিরক্ষা কাঠামোর একটি কৌশলগত ইউনিট। এর কার্যক্রম শুধু ট্যাকটিক্যাল পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এর প্রভাব রয়েছে।
চলমান সংঘাতে শত্রুপক্ষের ভুল হিসাব-নিকাশের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষ ধারণা করেছিল অল্প সময়ের মধ্যেই ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ধ্বংস করা সম্ভব হবে এবং দেশটির অভ্যন্তরে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করা যাবে। তবে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও জনগণের দৃঢ় অবস্থান সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।
আকরামিনিয়ার ভাষ্য অনুযায়ী, শত্রুর লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা ‘প্রতিরোধ ফ্রন্ট’-কে দুর্বল করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি দাবি করেন, এর পেছনে ইরানের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন এবং দেশটিকে খণ্ডিত করার মতো বৃহত্তর লক্ষ্যও ছিল।
সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, যুদ্ধক্ষেত্রে টিকে থাকার পেছনে শুধু সামরিক সরঞ্জাম ও রসদ নয়, বরং সশস্ত্র বাহিনীর বিশ্বাস, মনোবল, প্রতিরোধের মানসিকতা এবং রাষ্ট্র রক্ষার অঙ্গীকারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি ইরানি জনগণের ভূমিকাকেও বিশেষভাবে উল্লেখ করেন। তার দাবি, বিভিন্ন সমাবেশ ও জনসমাগমে জনগণের ব্যাপক অংশগ্রহণ সশস্ত্র বাহিনীর মনোবল বাড়িয়েছে এবং দেশ রক্ষায় তাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার প্রসঙ্গ টেনে আকরামিনিয়া বলেন, একদিকে ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ রয়েছে, অন্যদিকে ইরানের সঙ্গে নতুন সংঘাতে জড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বিরোধিতা রয়েছে। ফলে মার্কিন প্রশাসনের জন্য সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে আকরামিনিয়া বলেন, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রতিরক্ষা সক্ষমতা ক্রমাগত বাড়ানো হচ্ছে।


