...|...|...

খুলনা

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জীবননগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, সকাল ১০:২৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জীবননগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

ইরাকে একটি রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চুয়াডাঙ্গার জীবননগরের মৃগমারী গ্রামের রেজাউল ইসলাম (২৮) নামে (প্রবাসী কর্মী) নিহত হয়েছেন।

রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ইরাকের রাজধানী বাগদাদের আল-মনসুর এলাকায় একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি তার সহকর্মীরা মুঠোফোনে নিশ্চিত করেছেন।

নিহত রেজাউল ইসলাম জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের সরকারপাড়ার রহিম হুজুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে রেজাউল ইসলাম ইরাকে পাড়ি জমান এবং বাগদাদের আল-মনসুর এলাকার একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। রবিবার বিকেলে কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রেজাউলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে মৃগমারী গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে দেখা দিয়েছে গভীর শোক ও আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা শোকে কাতর হয়ে পড়েছেন।

নিহতের  লাশ দেশে আনা এবং দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ, রেস্টুরেন্টে আরও কেউ হতাহত হয়েছেন কি না এবং নিহতের লাশ দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।