ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হলেও প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানান ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরইয়ানি। সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস চত্বর ও এর আশপাশের এলাকায় বিকট শব্দে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইয়েমেন সরকারের একাধিক কর্মকর্তা জানান, হুথি বিদ্রোহীরা প্রাসাদ চত্বর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল।
ইয়েমেনি তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরাসরি মাশিক প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষী প্রাণ হারান। তবে ঘটনার পরপরই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীসহ সরকারের সব প্রতিনিধি সম্পূর্ণ সুরক্ষিত আছেন।
এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে এডেনমুখী হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে হুথিদের ওপরই সন্দেহ জোরালো হচ্ছে।


