কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একসময় নিজের প্রতিলিপি নিজে তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে ছড়িয়ে পড়তে পারে—এমনই এক আশঙ্কার কথা জানিয়েছে ক্লড এআইয়ের প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শুধু তা-ই নয়, নিজেদের সক্ষমতা বাড়াতে এআই মডেলগুলো বিভিন্ন ডেটা সেন্টারের প্রসেসর ও কম্পিউটিং ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
অ্যানথ্রপিকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের শেষ নাগাদ এআই মডেলগুলোর সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে এগুলো মানুষের নিয়ন্ত্রণ এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে নিজেদের বিস্তার ঘটাতে সক্ষম হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যানথ্রপিক জানায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একাধিক এআই এজেন্ট একসঙ্গে হয়ে একটি শক্তিশালী 'বটনেট' তৈরি করতে পারে। একবার এমন নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে তা শনাক্ত করা কিংবা বন্ধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
এই এজেন্টগুলো কোনো মানুষের সাহায্য ছাড়াই নতুন ডিভাইসে ছড়িয়ে পড়া এবং নিজেদের বন্ধ করার যেকোনো চেষ্টাকে প্রতিহত করার সক্ষমতা অর্জন করতে পারে।
এর আগে গত মাসে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই সতর্ক করে বলেছিলেন, এআই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে দীর্ঘস্থায়ী বটনেট তৈরি করতে পারে। এবার সেই আশঙ্কার প্রযুক্তিগত ব্যাখ্যা ও সম্ভাব্য রূপরেখা প্রকাশ করল প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই এজেন্টের এই স্বয়ংক্রিয় রূপ সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন ও অভূতপূর্ব হুমকি তৈরি করছে। ইতোমধ্যেই মানুষের সীমিত নজরদারিতে সাইবার হামলার একাধিক ধাপ একা একা সম্পন্ন করা এবং নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার প্রমাণ দিয়েছে কিছু এআই সিস্টেম।


