পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্ব অতিক্রমের মাইলফলকে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১। ১৯৭৭ সালে উৎক্ষেপণের প্রায় ৪৯ বছর পর পৃথিবী থেকে এত দূরে পৌঁছানো প্রথম মানবসৃষ্ট মহাকাশযান হওয়ার ইতিহাস গড়তে যাচ্ছে এটি।
নাসার আগাম হিসাব অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে এই মাইলফলক অর্জনের কথা মহাকাশযানটির। এক আলোক-দিবস বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, তা বোঝায়। এই দূরত্ব প্রায় ১ হাজার ৬০০ কোটি মাইল বা ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার।
তবে ভয়েজার-১ সত্যিই নির্ধারিত দূরত্বে পৌঁছেছে কি না, তা নিশ্চিত হতে নাসার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) কর্মকর্তাদের আরও প্রায় এক দিন অপেক্ষা করতে হবে। মহাকাশযানটি থেকে সংকেত পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ মাইলফলক নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি।
ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড বলেন, ‘এক আলোক-দিবস দূরত্বে পৌঁছানো অসাধারণ এক অর্জন। এমন কিছু দেখার সুযোগ পাব, তা কখনো ভাবিনি।’
মানবজাতির তৈরি সবচেয়ে দূরবর্তী এই যানটি প্রতি ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল বা ৬১ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলেছে। ২০১২ সালে সূর্যের কণা ও চৌম্বক ক্ষেত্রের সুরক্ষাবলয় ‘হেলিওস্ফিয়ার’-এর সীমানা পেরিয়ে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে ভয়েজার-১। এর যমজ মহাকাশযান ভয়েজার-২-ও ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা হয়। এটি ২০১৮ সালে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে।
জেপিএলের এক প্রতিনিধি জানান, শক্তি সাশ্রয়ের সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে ভয়েজারের দুটি মহাকাশযানের পক্ষেই পৃথিবীর সঙ্গে আরও তিন থেকে চার বছর যোগাযোগ বজায় রাখা সম্ভব হতে পারে।
ওই প্রতিনিধি বলেন, ‘এই মিশনের মূল লক্ষ্য হলো বিজ্ঞানভিত্তিক তথ্য সংগ্রহ করা। আগামী বছর ৫০তম উৎক্ষেপণ বার্ষিকী পর্যন্ত বর্তমান বৈজ্ঞানিক সরঞ্জামগুলো সচল রাখার মতো পর্যাপ্ত শক্তি এতে রয়েছে। এর পরের বিষয়টি অনুমান করা কঠিন। কারণ, এগুলো প্রায় ৫০ বছরের পুরোনো মহাকাশযান। অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটতে পারে, যা আমাদের দলের পক্ষে আগে থেকে ধারণা করা সম্ভব নয়।’
মিশনের শুরুর দিকে সৌরজগতের বৃহত্তম দুটি গ্রহ বৃহস্পতি ও শনি অতিক্রম করে ভয়েজার-১। এত বছর পরও এটি বিজ্ঞানীদের কাছে মূল্যবান তথ্য পাঠিয়ে যাচ্ছে। এর সংবেদনশীল যন্ত্রগুলো আন্তনাক্ষত্রিক মহাকাশে থাকা সামান্য পরিমাণ গ্যাসের নিয়মিত কম্পন থেকে সৃষ্ট মৃদু ও একঘেয়ে গুঞ্জন শনাক্ত করেছে।
সুজান ডড বলেন, ‘ভয়েজার ক্রমাগত চৌম্বক ক্ষেত্র, মহাজাগতিক রশ্মি এবং প্লাজমা তরঙ্গের পরিমাপ পাঠিয়ে যাচ্ছে। যখনই ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনা ভয়েজারের দিকে তাক করা হয়, তখনই আমরা পৃথিবীতে তা গ্রহণ করতে পারি।’
ডিপ স্পেস নেটওয়ার্ক হলো আন্তগ্রহ মহাকাশযান মিশনে সহায়তার জন্য নাসার স্থাপিত বিশাল রেডিও অ্যান্টেনার একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
সুজান ডড আরও বলেন, ‘হেলিওপজ অতিক্রম করার পর চৌম্বক ক্ষেত্রের দিকটি প্রত্যাশা অনুযায়ী আন্তনাক্ষত্রিক দিকের দিকে ঘুরে যায়নি। বরং দুটি ভয়েজার যখন হেলিওপজ অতিক্রম করেছিল, তখনকার দিকই বজায় রেখেছে—যা মূলত আমাদের সূর্যের মাধ্যমেই নিয়ন্ত্রিত। এই পরিবর্তন কখন ঘটতে পারে, তা দেখার অপেক্ষায় রয়েছি আমরা।’
তিনি বলেন, ‘আমরা এখনও আমাদের সূর্যের প্রভাব প্রত্যক্ষ করছি। এর মধ্যে রয়েছে শক্তিশালী সৌরঝড় বা করোনাল মাস ইজেকশন, যা এমন চাপ ও অভিঘাত তৈরি করে, যা ভয়েজার-১ এবং তার চেয়েও বেশি দূরত্ব পর্যন্ত পৌঁছে যায়। সূর্যের প্রভাব ঠিক কোথায় শেষ হয় এবং প্রকৃত আন্তনাক্ষত্রিক মহাকাশ কোথায় শুরু হয়? সম্ভবত এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় পর্যন্ত ভয়েজার টিকে থাকতে পারে।’


