আগামী কয়েক মাসের মধ্যে চেক প্রজাতন্ত্র কিংবা অন্য কোনো গণতান্ত্রিক দেশে বড় ধরনের অভিযান চালাতে পারে রাশিয়া। এমন আশঙ্কার কথা জানিয়েছেন চেক গোয়েন্দা সংস্থার প্রধান মিখাল কৌদেলকা।
সোমবার (১২ অক্টোবর) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে চেক বার্তা সংস্থা সেস্কে নোভিনি। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কৌদেলকা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোয়েন্দারা বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছেন। এসব তথ্য ইঙ্গিত দিচ্ছে, কয়েক বছরের পরিবর্তে কয়েক মাসের মধ্যেই রাশিয়া আরও ঝুঁকিপূর্ণ ও গুরুতর কোনো অভিযান চালাতে পারে। সম্ভাব্য পরিস্থিতির মধ্যে তিনি উল্লেখ করেন ইউক্রেনকে সহায়তা দেওয়া স্থাপনায় নাশকতা, ইউক্রেনে পাঠানোর জন্য প্রস্তুত অস্ত্রের গুদামে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা এবং ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান।
তবে কৌদেলকা বলেন, এই মুহূর্তে এমন হামলার আশঙ্কা তাৎক্ষণিক নয়। কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে, বিশেষ করে রাশিয়া কোনো ধরনের সামরিক সমাবেশের ঘোষণা দিলে, এমন পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় চেক প্রজাতন্ত্রের সক্ষমতা রয়েছে। তবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি।
রাশিয়াকে চেক প্রজাতন্ত্রের সবচেয়ে বড় বিদেশি নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করে কৌদেলকা বলেন, দীর্ঘ সময় ধরে এই হুমকি বজায় থাকতে পারে। পাশাপাশি পশ্চিমা দেশগুলোতে বিভেদ সৃষ্টির লক্ষ্যে রাশিয়ার অপতথ্য প্রচারের প্রচেষ্টার বিষয়েও সতর্ক করেন তিনি।
তার মতে, সামরিক বা অর্থনৈতিকভাবে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোকে পরাজিত করতে না পেরে মস্কো তাদের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে। তাই রাশিয়ার অপতথ্য ছড়ানোর কার্যক্রম সীমিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, রাশিয়ার কর্মকাণ্ড সম্পর্কে পশ্চিমা দেশগুলো অবগত এবং মস্কোর ওপর তাদের আস্থা নেই, এ বার্তা স্পষ্টভাবে জানানো উচিত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য রুশ পদক্ষেপ নিয়ে পশ্চিমা কর্মকর্তারা বারবার সতর্ক করে আসছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরে বলেছিলেন, ইউরোপের সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না মস্কো।
সূত্র: আনাদোলু এজেন্সি


