...|...|...

সারাদেশ

ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরি, চট্টগ্রামে তরুণ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরি, চট্টগ্রামে তরুণ গ্রেফতার

ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরি, চট্টগ্রামে তরুণ গ্রেফতার। ছবি: টাইমস টুডে

চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন বসিয়ে মাদক উৎপাদন ও বিক্রির অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন, দুই পিস ইয়াবা এবং মাদক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আকিব পটিয়া থানার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেইট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করতেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে আকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে হাটহাজারীর কুয়াইশ এলাকায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য পাওয়া যায়। এরপর পুলিশ ওই বাসায় অভিযান চালায়। আকিবের দেখানো মতে সেখান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছে, ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনেছিল সে। পরে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরির পরিকল্পনা করে।

উদ্ধার করা মেশিনটির আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।