...|...|...

জাতীয়

ইউজিসির পূর্ণকালীন সদস্য পদে তিন অধ্যাপকের যোগদান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, রাত ৮:৪৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৯
Shares
ইউজিসির পূর্ণকালীন সদস্য পদে তিন অধ্যাপকের যোগদান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) সকালে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত)-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু হয়। পরে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের সাগা মেডিকেল স্কুল থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত রয়েছেন। তার ৫৪টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোভাসকুলার অ্যান্ড লেজার সার্জারি বিভাগের চেয়ারম্যান। তিনি জাপানের হামামাতসু ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাসকুলার সার্জারিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে তার রয়েছে তিন দশকের বেশি অভিজ্ঞতা।

ইউজিসির নতুন সদস্যদের নিয়োগের মেয়াদ চার বছর। যোগদানের তারিখ থেকেই তাদের এ নিয়োগ কার্যকর হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সদস্যদের অভিজ্ঞতা উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।